ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে সরাতে বিরোধী জোট ‘চেঞ্জ ব্লক’-এর সঙ্গে ঐক্যের ইঙ্গিত দিয়েছেন আরব ইসরাইলি নেতা আহমাদ তিবি। তিনি দেশটির পার্লামেন্ট নেসেটের সদস্য এবং আরব সদস্যদের নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট পার্লামেন্টারি ব্লকের প্রধান।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর সরকারকে নির্বাচনে হারিয়ে নতুন সরকার গঠনের লক্ষ্যেই বিরোধী দলগুলো ‘চেঞ্জ ব্লক’ গঠন করেছে। এতে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টি, ইয়ার লাপিদের ইয়েশ আতিদ, নাফতালি বেনেটের বেয়াখাদসহ কয়েকটি দল রয়েছে।

আহমাদ তিবি এক বিবৃতিতে বলেন, আরব ভোটারদের ব্যাপক অংশগ্রহণ জয়েন্ট লিস্টের জন্য ঐতিহাসিক অর্জন। তার ভাষায়, আরব দলগুলোকে বাদ দিয়ে ইসরাইলে রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়। নেতানিয়াহু ও কট্টর ডানপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের সঙ্গে কাজ করতে চান তারা। এ প্রক্রিয়ার শুরুতে নেসেটের স্পিকার আমির ওহানাকে সরানোর কথাও বলেন তিনি।

ইসরাইলি সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ ভোট গণনার পর নেতানিয়াহুর জোট নেসেটের ১২০ আসনের মধ্যে ৫৩টি পেতে পারে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে তা কম। অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি এবং প্রধানত আরবদের নিয়ে গঠিত দলগুলো মোট ১৯টি আসন পেতে পারে। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি ও ইউনাইটেড আরব লিস্ট সাতটি আসন পাওয়ার পূর্বাভাস রয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণার তারিখ ৪ নভেম্বর।