ফেনীর পরশুরাম উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন মো. মামুন উদ্দিন মেজবান নামের স্থানীয় এক নেতা। তাকে এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ফেনী জেলা কমিটি ঘোষণা হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

এনসিপিতে যোগ দেওয়া মামুন উদ্দিন মেজবান উপজেলার মির্জানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামায়াত ইসলামীর অর্থ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে তিনি জামায়াতে ইসলামীর সহযোগী ও পেশাজীবী ব্যবসায়িক সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডাব্লিউএফ) পরশুরাম উপজেলা শাখার সভাপতি ছিলেন।

এ বিষয়ে মো. মামুন উদ্দিন মেজবাহ বলেন, ‘আমি জামায়াত ইসলামীর রাজনীতি ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছি। বর্তমানে এনসিপির সহসাংগঠনিকের পদ পেয়েছি।’ তবে ঠিক কী কারণে তিনি জামায়াত ইসলামীর রাজনীতি ছেড়েছেন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

এনসিপির ফেনী জেলার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াত ইসলামীর রাজনীতি ছেড়ে মামুন উদ্দিন মেজবাহ আমাদের দলে যোগদান করেছেন। তাকে জেলা কমিটির সহসংগঠনিকের পদ দেওয়া হয়েছে।