নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর শিশুটিকে মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি প্রথমে ঘটনা গোপন রাখে। একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করেন পরিবারের সদস্যরা। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে ১১ বছর বয়সী শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁকে তিন দিনের রিমান্ডে নেয়।
মামলার বিচারপ্রক্রিয়া চলার মধ্যেই গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি। পরে আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়। পরীক্ষার চূড়ান্ত ফলে নবজাতকের সঙ্গে আমান উল্লাহ সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।