চট্টগ্রামের সাতকানিয়ায় দেশের ১৩তম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিতে সেনাবাহিনী প্রধান বরাবর একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।

আসন্ন সাতকানিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ শাহজাহান (সম্রাট) সম্প্রতি এই আবেদনটি করেন।

আবেদনপত্রে মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন, সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ’ অবস্থিত। কেবল রাজনীতি ও বাণিজ্যই নয়, সামরিক ও ভূরাজনৈতিক দিক থেকেও সাতকানিয়ার অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গ্র্যান্ড-ট্রাঙ্ক রোড বা সড়ক-ই-আজম কিংবা এশিয়ান হাইওয়ের অন্যতম নিয়ন্ত্রণ বিন্দু হলো এই সাতকানিয়া। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম সংলগ্ন সীমান্ত, সাগর এবং বন্দরের যোগাযোগের ক্ষেত্রেও এই উপজেলার কৌশলগত অবস্থান দেশের প্রতিরক্ষার জন্য অপরিহার্য।

বহিঃশত্রুর সম্ভাব্য আক্রমণের প্রসঙ্গ টেনে আবেদনে বলা হয়, এমন পরিস্থিতিতে সাতকানিয়া শত্রুপক্ষের অন্যতম প্রধান নিশানায় পরিণত হতে পারে। সেক্ষেত্রে ‘সেনাই জনতা, জনতাই সেনা’ এই ডকট্রিন প্রয়োগের মাধ্যমে সাতকানিয়াকে প্রতিরক্ষার ঢাল হিসেবে গড়ে তোলা সম্ভব। আর এজন্য স্থানীয় তরুণদের মধ্যে সামরিক জ্ঞান, দেশপ্রেম ও প্রেরণা তৈরি করতে সাতকানিয়ায় একটি ক্যাডেট কলেজ স্থাপন অত্যন্ত জরুরি।

সংশ্লিষ্টদের মতে, সাতকানিয়ায় একটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের শিক্ষা, অবকাঠামো ও আর্থসামাজিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন আসবে। দক্ষিণ চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীরা হাতের নাগালেই বিশ্বমানের সামরিক ও সাধারণ শিক্ষার সুযোগ পাবে, যা পুরো অঞ্চলের শিক্ষার মানকে বহুদূর এগিয়ে নেবে।

উল্লেখ্য, একসময় সাতকানিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুনাম ছিল দেশজুড়ে; দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী সাতকানিয়া সরকারী কলেজে পড়তে আসত। ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হলে এই জনপদ আবারও দেশের অন্যতম সেরা শিক্ষাকেন্দ্রে পরিণত হবে এবং তার হারানো গৌরব ফিরে পাবে। এ ছাড়া কলেজটিকে কেন্দ্র করে যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সুবিধা ও স্থানীয় অর্থনীতিতেও নতুন গতির সঞ্চার হবে।

শাহজাহানের এমন সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাতকানিয়ার সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র হিসেবে সাতকানিয়ায় একটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। প্রভাষক মোহাম্মদ শাহজাহান সাতকানিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিটিই সেনাপ্রধানের কাছে তুলে ধরেছেন। এটি বাস্তবায়িত হলে সাতকানিয়ার সার্বিক মান উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্ম সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।