চট্টগ্রাম মহানগরীর খুলশীতে নিজ বসতঘর থেকে ছন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ খুলশী এলাকার ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে। তার স্বামীর নাম মলই কান্তি শর্মা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাসায় একা ছিলেন ছন্দা শর্মা কান্তা। তার স্বামী কাজ থেকে ফিরে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পরও দরজা না খোলায় পরে দারোয়ানকে ডেকে দরজা ভেঙে ফেলেন তারা। পরে বসতঘরের শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মা কান্তাকে দেখতে পান তারা। এরপর তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।