চট্টগ্রামের সাতকানিয়ার উত্তর ঢেমশা মৌজায় কেরানীহাটের উত্তরে গরুর বাজারসংলগ্ন জমি কিনে বুঝিয়ে না দিয়ে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ, উল্টো দখলের চেষ্টা এবং হুমকি’র অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার কেরানীহাট এলাকায় একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী লিয়াকত আলী গং এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, অভিযুক্ত আব্দুস সালাম জমি কিনে রেজিস্ট্রি ও বুঝিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন চুক্তির মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পরও তিনি জমি বুঝিয়ে না দিয়ে নিজেই তা দখলের পাঁয়তারা করছেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে ১৫১ ও ১৫২ নম্বর দলিলমূলে ১৬ শতক জমি ক্রয় করা হয় এবং পরবর্তীতে ৪৬২৮ নম্বর বিএস নামজারি খতিয়ান সৃজন করা হয়। বৈধ কাগজপত্র থাকার পরও আব্দুস সালাম ও তাঁর ছেলে নাজিম উদ্দিন স্থানীয় প্রভাব খাটিয়ে জমির ভোগদখলে বাধা দিচ্ছেন এবং ভুক্তভোগীদের নানাভাবে হুমকি দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—প্রায় এক কোটি টাকা আত্মসাৎ ও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জমির দলিল ও নামজারি যাচাই করে বৈধ ভোগদখল নিশ্চিতকরণ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা।

ভুক্তভোগীরা জানান, তাঁরা কারও সম্পত্তি দখল করতে চান না, বরং নিজেদের বৈধভাবে কেনা জমির ন্যায্য অধিকার ফিরে পেতে প্রয়োজনীয় সব প্রমাণ ও কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে তাঁরা প্রস্তুত রয়েছেন।