সিরাজগঞ্জ শহরের অপরাধ প্রবণতারোধ ও নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে ৮১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৬৬টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, সদর থানার ওসি রাকিবুল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।
সভায় শহরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের স্থান নির্ধারণ, কার্যক্রম বাস্তবায়ন, সংরক্ষণ ও পরিচালনা নিয়ে আলোচনা করা হয়।
প্রসঙ্গত, অনেক আগেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তিতে এসব ক্যামেরা অনেকটাই অকেজো হয়ে যায়। যে কারনে আবারও এসব ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহন করেছে জেলা প্রশাসন।