চট্টগ্রামের মিরসরাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জহির উদ্দিন কমিশনার (৪৮) রয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) মিরসরাই থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন—১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম (৪৩) এবং ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শাহীন (২৬)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সোমবার মিরসরাই থানা এলাকাসহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।