চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের সদর শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সাতকানিয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতের আধাঁরে কে বা কারা এ অগ্নিসংয়োগ করেছে তা এখনও নিশ্চিত করে জানাতে পারেনি সংশ্লিষ্টরা। এব্যাপারে সাতকানিয়া থানাকে অবগত করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া সদর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মীর লায়েক আলী বলেন, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান তিনি। পরে নিচে তাকিয়ে ব্যাংকের ফটকে আগুন জ্বলতে দেখেন। এ সময় চিৎকার করে ব্যাংকে কর্মরত সহকর্মীদের ডেকে নিচে নামেন। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি আরও বলেন, আগুন নেভানোর পর আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একটি বিদ্যুতের তার পুড়ে যায় এবং আগুন ধরানোর একটি বোতল পুড়ে যাওয়ার শেষ অংশ পাওয়া গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, মঙ্গলবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকের মূল ফটকে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।